জুলাই বিপ্লবের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। রায়ে দণ্ডপ্রাপ্তদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি এবং জুলাই বিপ্লবে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও রয়েছে। আরাফাত বেসরকারি সাবমেরিন ক্যাবল লাইসেন্স পাওয়া তিন প্রতিষ্ঠানের একটি সিডিনেট কমিউনিকেশনস লিমিটেডের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও উদ্যোক্তা।
আরজেএসসিতে দাখিল করা নথি অনুযায়ী, সিডিনেট ৪ এপ্রিল ২০২২ নিবন্ধিত হয় এবং ওয়েব ইন্টেলিজেন্স লিমিটেডের মনোনীত প্রতিনিধি হিসেবে শুরু থেকেই এর পরিচালক ছিলেন আরাফাত। বিটিআরসি ১ সেপ্টেম্বর ২০২২ প্রতিষ্ঠানটিকে সাবমেরিন ক্যাবল নির্মাণ, স্থাপন ও পরিচালনার ২০ বছরের লাইসেন্স দেয়। লাইসেন্স বহাল থাকা এবং কনসোর্টিয়াম ও ক্যাবল প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া চলাকালে আরাফাত প্রথমে সংসদ সদস্য, পরে প্রতিমন্ত্রী হন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ তিন প্রতিষ্ঠানের কার্যক্রম এবং তাদের গঠিত কনসোর্টিয়ামের বৈধতা তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় বা বিটিআরসির পূর্বানুমতি ছাড়া কনসোর্টিয়াম গঠন হয়েছিল কি না এবং লাইসেন্স ও গাইডলাইনের শর্ত মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। বিএসসিপিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আসলাম হোসেন বলেন, শর্ত পালনে ব্যর্থ হলে তিন প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হতে পারে।