বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু ২৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন। বৃহস্পতিবার, ৩০ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণের পর দিবাগত রাত ১২টার পরে নির্বাচন কমিশন ফল ঘোষণা করে।
৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ ১৭টি পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি হিসেবে শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট এবং ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট পান। নির্বাহী সদস্য হিসেবে শারমিন আক্তারসহ আটজন নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।