অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রস্তাবিত ১.৫ বিলিয়ন ডলারের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার প্রকল্প বাতিল হয়েছে। স্থানীয় ডেভেলপার আলটাস প্রপার্টি গ্রুপের ডেভিড ইয়ং লিংকডইনে জানান, তাদের প্রতিষ্ঠান ট্রাম্প ব্র্যান্ডের নেতিবাচক ভাবমূর্তি এবং আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রকল্প থেকে সরে এসেছে। তিনি বলেন, এটি সম্পূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত এবং ট্রাম্প পরিবারের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই।
অন্যদিকে ট্রাম্প অর্গানাইজেশন অভিযোগ করেছে, আলটাস চুক্তির আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে এবং মাসের পর মাস আলোচনার পরও প্রতিশ্রুতি রক্ষা করেনি। প্রকল্পটি কুইন্সল্যান্ডের সার্ফার্স প্যারাডাইস এলাকায় নির্মাণের কথা ছিল, যদিও গোল্ড কোস্টের মেয়র টম টেট জানান, সিটি কাউন্সিলের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি।
গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল বার্টন বলেন, গোল্ড কোস্টে এর আগেও অনেক উচ্চাভিলাষী টাওয়ার প্রকল্প বাস্তবায়নের আগেই থেমে গেছে। তার মতে, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে নকশা তৈরি করা সহজ হলেও বাস্তবে অর্থায়ন ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।