ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রায় তিন মাস পরও আদালতে গ্রহণযোগ্য চার্জশিট না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদি বলেন, ভারতে গ্রেপ্তার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে।
তিনি জানান, গত ১২ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার ৮৭ দিন পার হলেও তদন্ত সংস্থা এখনো চার্জশিট দিতে পারেনি বলে তিনি অভিযোগ করেন। পরিবার সরকারের প্রতি আহ্বান জানায়, ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিদের ফিরিয়ে এনে হত্যার নির্দেশদাতা ও অর্থদাতাদেরও চিহ্নিত করতে হবে।
পরিবার আরও জানায়, প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিকভাবে স্বচ্ছ তদন্ত সম্পন্ন করে দ্রুত চার্জশিট দাখিল করা উচিত এবং দায়সারা তদন্ত হলে তা জনগণ প্রত্যাখ্যান করবে।