যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা স্থগিতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
জুবায়ের বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ে পরীক্ষার নতুন তারিখ ঘোষণারও দাবি জানান তিনি।
ভবিষ্যতের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াত নেতা। তাঁর ভাষ্য, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। চাকরিপ্রার্থীদের যৌক্তিক দাবি মেনে তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং নিয়োগব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।