এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী অভিযোগ করেছেন, বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে ক্ষমতা চালিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করছে। শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হলেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক প্রকৃত অর্থে স্বাভাবিক হবে। কোনো বাংলাদেশি নাগরিককে সীমান্তে অবৈধভাবে হত্যা করা যাবে না। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ঘোষিত বাজেট আসলে বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার গেজেট, যেখানে বেকারদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। তিনি সংসদ থেকে সচিবালয় পর্যন্ত দুর্নীতি ও অনিয়মের অভিযোগও তোলেন।
নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, তারা চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত নন এবং গণতান্ত্রিকভাবে ধৈর্য ধারণ করছেন। সীমালঙ্ঘন হলে চট্টগ্রাম থেকে আবারও বিদ্রোহ ঘোষণা করা হবে বলে তিনি সতর্ক করেন।