যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (QS) প্রকাশিত ‘QS World University Rankings 2027: Top Global Universities’-এ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৮ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এই তালিকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বের সেরা ৬০০ প্রতিষ্ঠানের মধ্যেও অবস্থান বজায় রেখেছে। এ বছর মোট ১,৫০৪টি বিশ্ববিদ্যালয়কে ৯টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে চূড়ান্ত র্যাঙ্ক নির্ধারণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে ২৮.৩ স্কোর অর্জন করেছে, যা একাডেমিক সুনাম সূচকেও সমান। কর্মসংস্থান ফলাফল সূচকে ৯৫.০ এবং নিয়োগদাতাদের দৃষ্টিতে সুনাম সূচকে ৫০.৮ স্কোর অর্জন করে বিশ্ববিদ্যালয়টি স্নাতকদের কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা প্রমাণ করেছে। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৬১.১ এবং টেকসই উন্নয়নে ৬০.৬ স্কোর বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
তবে সাইটেশনস পার ফ্যাকাল্টি ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত উভয় ক্ষেত্রেই ৮.০, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ২.০ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত ১.৪ স্কোর পাওয়ায় আন্তর্জাতিকীকরণ ও গবেষণা প্রকাশনায় আরও উন্নতির সুযোগ রয়েছে।