মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন পাল্টা হামলা না চালায়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে বলেন, ইরানের জন্য পাল্টা হামলা না করাই ভালো হবে, কারণ তারা করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে আঘাত করবে যা আগে কখনও দেখা যায়নি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মার্কিন ও ইসরাইলি বোমা হামলার প্রতিশোধ নিতে এটি ষষ্ঠ দফার হামলা।
আইআরজিসি জানায়, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইসরাইলের নেভাতিম বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।