বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) আটটি পৃথক পুশইনের অপচেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। শনিবার বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝিনাইদহ, নওগাঁ, তিস্তা, লালমনিরহাট, নীলফামারী ও নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে এসব ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রে ভারতীয় ভূখণ্ড থেকে লোকজনকে সীমান্তে এনে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হলেও বিজিবির টহলদল তাৎক্ষণিকভাবে বাধা দেয়।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নীলফামারী সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে আনা হলে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশি দাবি করলেও কোনো প্রমাণ দিতে পারেনি। বিজিবি স্পষ্টভাবে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো পুশইন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়।
সংস্থাটি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।