যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকা পর্যন্ত সামরিক প্রতিরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি। বৃহস্পতিবার জর্ডানে মার্কিন বাহিনীর একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে বাহিনীটি এই অবস্থান জানায়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটি ও একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে সফল সামরিক অভিযান চালানো হয়েছে।
আইআরজিসি মার্কিন কর্মকর্তাদের তেহরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। বাহিনীটির নৌবাহিনী আরও দাবি করেছে, অনুমোদনহীন পথ ব্যবহার করে কৌশলগত হরমুজ প্রণালির দিকে যাওয়ার চেষ্টা করায় তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় আইআরজিসির অন্তত চার সদস্য নিহত হওয়ার কথা বলা হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে ইরান ওমানের আন্তর্জাতিক জাহাজ চলাচল রুটসংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তেহরান প্রণালি ব্যবহারকারী জলযানের ওপর মাশুল আরোপের বিষয়টি বিবেচনা করছে এবং মাইন অপসারণে একক কর্তৃত্ব দাবি করেছে। ইউরোপীয় কোনো দেশ নিজ উদ্যোগে মাইন অপসারণ করলে তাদের সামরিক বা বেসামরিক জলযানকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে হামলার সতর্কতাও দিয়েছে ইরান।