তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, সিরিয়ার জনগণ ২০২৪ সালের ৮ ডিসেম্বর যে বড় বিজয় অর্জন করেছে, তা বহু বছর স্মরণ করা হবে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে। বুধবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এরদোয়ান বলেন, প্রায় ১৪ বছরের দমন-পীড়নের পর সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে। তবে ইসরাইলের উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতির জন্য চ্যালেঞ্জ তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট আহমদ আল-শারার নেতৃত্বে সিরিয়ার জনগণ ঐক্য ও সংহতির ভিত্তিতে নিজেদের অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলছে।
উত্তর সিরিয়ায় একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশটিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন এরদোয়ান এবং সিরিয়ার প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি মিহরাজ উরালসহ সাবেক শাসনামলের রক্তপাতের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের কথাও বলেন। সিরিয়ার সাধারণ গোয়েন্দা সংস্থা গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টার সময় ২০১৩ সালের বেনিয়াস হত্যাযজ্ঞের প্রধান অভিযুক্ত উরালকে আটক করে।