Web Analytics
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা ২২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ৫৭ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি পদ্মায় জাল ফেললে জেলে লুৎফর রহমানের জালে মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে এটি রেজাউল মন্ডলের আড়তে নেওয়া হলে বড় মাছটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।

উন্মুক্ত নিলামে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৪ হাজার ৯৬০ টাকায় মাছটি কেনেন। পরে তিনি অনলাইন যোগাযোগমাধ্যম, ভিডিও কল ও মুঠোফোনে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে গুলশানের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মাছটি বিক্রি করেন।

চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় মাছের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি এবং অনলাইন যোগাযোগের ফলে দেশের এক প্রান্তের মাছ অন্য প্রান্তের ক্রেতার কাছে পৌঁছানো সহজ হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, মাছ ধরা বন্ধ রাখা, জাটকা সংরক্ষণ ও নিষিদ্ধ জাল এড়িয়ে চলায় কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।