টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা তুলতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে লাশ উদ্ধার করে। নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)।
স্থানীয় ফায়ার সার্ভিস ও বাসিন্দারা জানান, বাবুল হাদিমার একটি ছাগলছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। প্রথমে নেইমার কূপে নামে, পরে বাবুল, গাব্রিয়াল ও রতন একে একে নামে কিন্তু কেউই ফিরে আসে না। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে অক্সিজেনহীন কূপ থেকে ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ওসি জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে লাশ গ্রহণের পর আইনি প্রক্রিয়া চলছে।