ইলিশ পোনা (জাটকা) সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। ২৮ ফেব্রুয়ারি রাত ১২টার পর থেকে শুরু হয়ে মার্চ ও এপ্রিল মাসে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞাকালে মতলব উত্তর উপজেলার ৯ হাজার ১০০ জেলেকে চার কিস্তিতে মোট ১৬০ কেজি করে চাল বিতরণ করা হবে। এ সময় জেলেরা নৌকা ও জাল মেরামতের কাজ করবেন।
২০০৬ সাল থেকে প্রতিবছর মার্চ-এপ্রিল মাসে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে। চাঁদপুরের ষাটনল থেকে আমিরাবাদ বাজার পর্যন্ত ৩০ কিলোমিটার এবং হাইমচরের চরভেরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে এক থেকে দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাবে।
বিশেষজ্ঞরা মনে করেন, জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর হলেও জেলেদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে এর সুফল দীর্ঘমেয়াদে টেকসই হবে না।