ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইউরোপে বিভাজন দেখা দিয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে থাকলেও ফ্রান্স, নরওয়ে, স্পেন ও বেলজিয়াম প্রকাশ্যে হামলার বিরোধিতা করেছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ বলেছেন, ইসরাইলের প্রতিরোধমূলক হামলার দাবি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এমন হামলার জন্য অবিলম্বে হুমকি থাকা প্রয়োজন। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট দুঃখ প্রকাশ করে বলেন, আলোচনার মাধ্যমে আগেই সমাধান সম্ভব হয়নি এবং ইরানি জনগণকে তাদের সরকারের সিদ্ধান্তের মূল্য দিতে হবে না। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের একতরফা সামরিক পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেন, এসব পদক্ষেপ পরিস্থিতি আরও অস্থিতিশীল করছে এবং আন্তর্জাতিক ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন যে, এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।