প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১০ জুলাই) সারা দেশের বন্যাকবলিত জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে সারাদিন কথা বলে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিতভাবে পরিচালনার নির্দেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের সঙ্গেও তিনি কথা বলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বন্যাকবলিত এলাকায় সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে দেওয়া হয়েছে। তিনি শনিবার ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম সফরে যাবেন। কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, কয়েকটি এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নারী ও শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দুর্যোগকালীন অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেন। ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।