রহস্য স্পিনার রুবেল মিয়া প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ডাক পেয়েছেন। আসন্ন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে তিনি সাকিব আল হাসানের দল পোখারা এভেঞ্জার্সের হয়ে খেলবেন। এবারের এনপিএলে এখন পর্যন্ত দল পাওয়া পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার রুবেল।
রুবেলের আগে এনপিএলে সুযোগ পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন আরিফুল ইসলাম, আকবর আলী, জিসান আলম ও সাকিব আল হাসান। রুবেল ও সাকিব পোখারা এভেঞ্জার্সের হয়ে খেলবেন। আকবর আলী ও আরিফুল ইসলাম খেলবেন কর্নালী ইয়াকসের হয়ে, আর জিসান আলম খেলবেন বিরাটনগর কিংসের হয়ে।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রহস্য স্পিনের জন্য পরিচিত রুবেলের জন্য এই লিগ বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি গত জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এ দলের হয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নিয়েছেন এই স্পিনার।