গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী ফায়ার সার্ভিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার। উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ ও সানজিত আহমেদ মিথুনসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে হাসান উদ্দীন সরকার বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা যাতে পোশাকশ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে জানমালের ক্ষতি ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আওয়ামী ফ্যাসিস্টদের যেকোনো চক্রান্ত মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।