অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা রিটে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কারও সম্মানহানি না করতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
রিট আবেদনে আসিফ মাহমুদকে নিয়ে দেওয়া প্রেস ব্রিফিং ভুল ছিল বলে স্বীকার করতে দুদককে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে। দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকলে গণমাধ্যমে তথ্য প্রকাশ বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।
গত ২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক। তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা নিয়ে দুদকের এক কর্মকর্তার বক্তব্য বিতর্ক সৃষ্টি করে। পরে আসিফ মাহমুদ বক্তব্য প্রত্যাহার দাবি করে আইনি নোটিশ দেন। দুদক বলেছে, অনুসন্ধান রাজনৈতিক চাপ বা পক্ষপাতের ভিত্তিতে নয়; আইন অনুযায়ী অভিযোগ যাচাই করা হচ্ছে।