প্রায় পাঁচ মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে থমকে থাকা আলোচনা ফের শুরু করার পথ খুঁজছে পাকিস্তান। পাকিস্তানের তিনটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগে নতুন কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে। চলতি সপ্তাহে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির ইসলামাবাদ সফরের সময় এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
গত ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তান সফরে আসা মোমেনি শীর্ষ সরকারি কর্মকর্তা এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। তবে আলোচনা শুরুর পথে বড় জটিলতা রয়েছে। পাকিস্তান গত বছর সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে এবং সৌদি আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল। হুতি বিদ্রোহীদের সৌদি আরববিরোধী নৌ অবরোধ ও হামলার পর ইসলামাবাদ তীব্র নিন্দা জানিয়েছে।
চীন পাকিস্তান ও অন্য দেশগুলোর মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন করে উপসাগরে দ্রুত শান্তি ফেরাতে সক্রিয় ভূমিকার প্রতিশ্রুতি দিয়েছে। চীনের স্বার্থ হরমুজ প্রণালি বন্ধ ও লোহিত সাগরের বিঘ্নে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে পাকিস্তানি এক কর্মকর্তা জানান। ইসলামাবাদ তেহরানকে বলেছে, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ হওয়া নতুন আলোচনার প্রধান পূর্বশর্ত।