যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইরান, জানিয়েছে আল জাজিরা। এই জলপথ এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিষয় নয়; এটি বৈশ্বিক সমস্যায় পরিণত হয়েছে। আলোচনায় এখন প্রণালিটি খুলে দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
আল জাজিরার প্রতিনিধি আলি হাশেম বলেন, হরমুজ প্রণালি খোলার প্রশ্নটি সবার মনোযোগের কেন্দ্রে চলে এসেছে। যুদ্ধ শুরুর সময় অবশ্য মূল আলোচ্য ছিল ইরানের পারমাণবিক ফাইল, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং অঞ্চলে ইরানের প্রক্সি বা মিত্ররা।
হাশেমের মতে, যুদ্ধের পর পরিস্থিতি আর আগের মতো থাকবে না এবং সংঘাত অন্য এক স্তরে পৌঁছেছে। তিনি বলেন, হরমুজ প্রণালির মাধ্যমে ইরান একটি সুবিধাজনক অবস্থান খুঁজে পেয়েছে। কিছু বিশ্লেষক একে ইরানের ‘ভৌগোলিক পারমাণবিক বোমা’ বলছেন, কারণ এর কার্যকর ব্যবহারকে আর উপেক্ষা করার সুযোগ থাকবে না।