টানা দুই দিনের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি কর্মসূচির পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজনে একই মঞ্চে উপস্থিত হয়েছেন শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা সভায় দুই সংগঠনের অংশগ্রহণ দেখা যায়। নেতারা সহিংসতা ও মতবিরোধ এড়িয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার প্রত্যাশা জানান।
সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহীদ আবু সাঈদ চত্বর ও মর্ডান মোড় প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শেষ হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়। এতে উপাচার্যের সঙ্গে ছাত্রশিবির ও ছাত্রদলের সভাপতিরাও অংশ নেন।
ছাত্রশিবির সভাপতি মো. আব্দুর রাকিব মুরাদ বলেন, তারা ছাত্রদলের কোনো কর্মসূচিতে বাধা দেননি এবং ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ চান। ছাত্রদল সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন ঐক্য বজায় রেখে বিভেদ ও সহিংসতা পরিহারের আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও মুক্ত মতের জায়গা উল্লেখ করে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সবার বলে মন্তব্য করেন।