শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে পশ্চিমবঙ্গের একটি আদালত কারাগারে পাঠিয়েছে। ফয়সাল আদালতে দাবি করেন, তিনি হত্যাকাণ্ডে জড়িত নন। ৮ মার্চ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের বনগাঁ এলাকা থেকে অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করে এসটিএফ। ১৪ দিনের রিমান্ড শেষে রোববার তাঁদের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয়, যেখানে আদালত ১২ দিনের কারা হেফাজতের নির্দেশ দেন। আগামী ২ এপ্রিল তাঁদের আবার আদালতে হাজির করা হবে।
এসটিএফ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে ফয়সাল ও আলমগীর ঢাকায় ওসমান হাদি হত্যার বিষয়টি স্বীকার করেছেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলি করা হয় এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাংলাদেশি তদন্তে ফয়সালকে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাবেক নেতা হিসেবে শনাক্ত করা হয়।
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারতে আটক ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।