তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা সতর্ক করে বলেছেন, নির্বাচনের সময় কেউ ব্যালট বাক্সে হাত দেওয়ার বা ছিনতাইয়ের চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। মঙ্গলবার এক নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার আধুনিক অস্ত্রসহ দায়িত্বে থাকবে যাতে কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে র্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ ফুট পেট্রোল মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুয়েল রানা। তিনি জানান, এলাকায় এমন পরিবেশ তৈরি করা হয়েছে যাতে দুষ্কৃতকারীদের মধ্যে ভয় কাজ করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে আইজিপি বাহারুল আলম জানান, নির্বাচনে জালিয়াতি ও সহিংসতা রোধে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। দেশের ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি স্থাপন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য সরাসরি দায়িত্ব পালন করছেন।