কুমিল্লা নগরীতে মাদকবিরোধী মানববন্ধন শেষে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) এর ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রেমের বাবা ইউনুস মিয়া বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানায় সাব্বির ও অপুসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। শুক্রবার পুলিশ জানায়, শ্রাবণ নামের একজনকে আটক করা হয়েছে। প্রেম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তার শরীর থেকে গুলি এখনো বের করা যায়নি।
প্রেমের বাবা-মা জানান, টিফিনের বিরতিতে বাসায় ফেরার পথে সে গুলিবিদ্ধ হয়। চিকিৎসকরা জানান, গুলিটি তার ফুসফুসে আঘাত করেছে, তাই ঝুঁকি এড়াতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী আহত শিশুর পরিবারকে দেখতে গিয়ে বলেন, এ ঘটনায় তিনি ও আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারেন না।
পুলিশ জানায়, কাঁটাবিল এলাকায় মাদক ব্যবসা নিয়ে সাব্বির ও অপু গ্রুপের মধ্যে সংঘর্ষের পর এ গুলির ঘটনা ঘটে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।