মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীলতা ও সংকটের প্রভাব পড়ায় বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতগামী খালি ট্রাকগুলোতে জ্বালানি তেলের পরিমাণ পরীক্ষা শুরু হয়েছে। ভারত থেকে আসা ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তেলের পরিমাণ রেকর্ড করা হচ্ছে এবং পণ্য খালাস শেষে ভারতে ফেরার সময় পুনরায় মাপ নেওয়া হচ্ছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশের জ্বালানি তেল যেন কোনোভাবেই ভারতে পাচার না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, আসা ও ফেরার সময় তেল মাপার মাধ্যমে পাচারকারীরা নিরুৎসাহিত হবে এবং জাতীয় সম্পদ রক্ষা পাবে। জনস্বার্থে এই অভিযান নিয়মিত চলবে বলেও তিনি উল্লেখ করেন।
এই পদক্ষেপের মাধ্যমে জ্বালানি তেল পাচার রোধ ও দেশের অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে।