চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ঘটনাটি ঘটে। রেলওয়ে কর্মী ও শিক্ষার্থীদের দ্রুত তৎপরতায় আগুন নিভে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী তাওসিফ হোসাইন আনন্দ জানান, টিউশন শেষে বটতলী স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় তিনি বগির ভেতরে আগুন দেখতে পান। এক ব্যক্তি আগুন লাগার কথা চিৎকার করে জানালে রেলওয়ের এক কর্মী তা নেভাতে এগিয়ে যান এবং তাওসিফও সহযোগিতা করেন। প্রথমে ঘটনাটি ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি বলে মনে হলেও পরে বগির ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়।
বগির ভেতরে একটি কেরোসিনের বোতল পাওয়া গেছে এবং সিটগুলোতেও কেরোসিন মাখানো দেখা গেছে বলে তাওসিফ জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, দ্রুত আগুন নেভানোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং অন্য ট্রেনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। তিনি ঘটনাটিকে নাশকতার চেষ্টা বলে মনে করছেন এবং বটতলী স্টেশনসহ সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ও টহল বাড়ানোর অনুরোধ করা হয়েছে।