নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের খেজুরতলা এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিড সাবস্টেশন থেকে প্রায় ১ কোটি ৯২ লাখ টাকার সরঞ্জাম লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে তারা চারজন পাহারাদারকে বেঁধে রেখে ব্যাটারি, তামার তার ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন কুমার ও বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিদ্যুৎ বিভাগের আওতাধীন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র উদ্যোগে সাবস্টেশনটি নির্মাণাধীন রয়েছে। এখানে সিভিল ও ইলেকট্রিক ফিটিংসের কাজ চলছে, যার ইলেকট্রিক অংশের দায়িত্বে রয়েছে চায়না ন্যাশনাল ওয়্যার অ্যান্ড ক্যাবল ইমপোর্ট এক্সপোর্ট কর্পোরেশন (সিসি কোম্পানি)। কোম্পানির স্থানীয় প্রতিনিধি জানান, লুটকারীরা ৩৬৮টি ব্যাটারি, ২ হাজার মিটার তামার তারসহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে এবং সিসি ক্যামেরার হার্ডডিস্ক ও পাহারাদারদের মোবাইলও নিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং মামলা করার প্রস্তুতি চলছে। কর্মকর্তারা বলেন, এই লুটের ঘটনায় জুন মাসে নির্ধারিত সময়ের মধ্যে সাবস্টেশন উদ্বোধন করা কঠিন হয়ে পড়েছে।