প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রথম ১০০ দিনে জনগণের মালিকানা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করেছে। ২৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে এবং ভিআইপি সংস্কৃতি পরিহার করে জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার দিয়েছে।
তিনি জানান, এস আলম গ্রুপের ৪,২৬৪ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে এবং পাচার হওয়া অর্থ ফেরাতে তিনটি দেশের সঙ্গে চুক্তি হয়েছে। পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনঃস্থাপন ও ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নারীকেন্দ্রিক ‘ফ্যামিলি কার্ড’, কৃষিঋণ মওকুফ, ‘এলপিজি কার্ড’, কর্মসংস্থান এক্সচেঞ্জ ও ফ্রিল্যান্সার পরিচয়পত্র চালু করা হয়েছে।
দেশের ইতিহাসে প্রথমবার ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫০টি ইলেকট্রিক বাস চালু ও শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের কাজ চলছে। এছাড়া ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস ও সংসদে ৯৪টি বিল অনুমোদনের কথাও জানানো হয়।