ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নিজস্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, এসব ওয়ার্ডে রোববার থেকে এক সপ্তাহব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ পরিচালনা করা হবে। শনিবার সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার বিকল্প নেই। বাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ থেকেই দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু হচ্ছে। তিনি সতর্ক করেন, কোথাও এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বোচ্চ জরিমানা করা হবে। প্রধানমন্ত্রী দুই মাস আগে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সংশ্লিষ্টদের সতর্ক করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।