যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সপ্তাহে ইতালির রোম ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন বলে একটি ইতালীয় সরকারি সূত্র জানিয়েছে। সফরটি এমন সময়ে হচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও চতুর্দশের মধ্যে যুদ্ধ ও অভিবাসন নীতি নিয়ে উত্তেজনা চলছে। সূত্র অনুযায়ী, রুবিও ভ্যাটিকানের পররাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন ও ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে বৈঠক করবেন এবং সম্ভবত প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গেও দেখা করবেন। ইতালীয় গণমাধ্যম এই সফরকে “সম্পর্ক উষ্ণ করার” কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।
২০২৫ সালের মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর পোপ লিও চতুর্দশ দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও ইরান ইস্যুতে অবস্থান নিয়ে সমালোচনা করেন। ট্রাম্প পাল্টা প্রতিক্রিয়ায় পোপকে “দুর্বল” বলে উল্লেখ করেন এবং তার অবস্থানের বিরোধিতা করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানালে ট্রাম্প ইতালির ন্যাটো সহায়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ইতালি, স্পেন ও জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দেন।
রুবিওর এই সফরকে যুক্তরাষ্ট্র, ভ্যাটিকান ও ইউরোপীয় মিত্রদের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।