কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুত রয়েছে এবং সারের দাম বাড়ার অভিযোগ সত্য নয়। তাঁর অভিযোগ, একটি সিন্ডিকেট কারসাজি করে সারের সংকট দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, যারা সংকট তৈরি করছে পুলিশ তাদের খুঁজছে। মঙ্গলবার কুমিল্লায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মসলা চাষে স্বনির্ভর হবে। বর্ষায় উৎপাদন খরচ বাড়ার কারণে সবজির দাম বাড়ে উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে কৃষকদের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে সরকার।
ইয়াছিন বলেন, আগে প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হলেও এ বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। ভবিষ্যতে পেঁয়াজ আমদানি না করে রপ্তানি করা সম্ভব হবে বলে তিনি আশা করেন। তিনি জানান, দেশে বছরে এক লাখ টন আদা আমদানি হয় এবং দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ ও টমেটো আমদানি বন্ধে চেষ্টা চলছে। কৃষিপণ্য ভবিষ্যতে প্রধান রপ্তানি পণ্য হবে বলেও তিনি বলেন।