শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা যায় না বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বৃহস্পতিবার মুর্শিদাবাদের এক বাসিন্দাকে আটক ও বাংলাদেশে পাঠানোর প্রস্তাব সংক্রান্ত মামলার শুনানিতে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট সুযোগ দিতে হবে। বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তরের বহিষ্কারের নির্দেশ আপাতত স্থগিত রাখা হয়েছে।
ওই ব্যক্তির স্ত্রী স্বামীকে আটক রাখা এবং দম্পতিকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন করেন। আইনজীবী রবিউল ইসলামের দাবি, কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ভিত্তিতে সন্দেহ তৈরি হওয়ায় গত ৮ আগস্ট থেকে তার মক্কেল আটক রয়েছেন। স্ত্রীকে আটক করা হয়নি। বিচারপতি প্রশ্ন তোলেন, দু’মাস ধরে কেন তাকে আটক রাখা হয়েছে এবং জাতীয়তা নির্ধারণে কেন স্পষ্ট ও প্রমাণযোগ্য প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
বিচারপতি বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে আটক রাখা যায় না এবং বহিষ্কারের সিদ্ধান্তের আগে নথিপত্র সঠিকভাবে যাচাই করতে হবে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার বলেন, ওই ব্যক্তি জাল নথির মাধ্যমে ভোটার কার্ড, আধার ও প্যান কার্ড সংগ্রহ করে থাকতে পারেন। মামলাটি উপযুক্ত বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে।