গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। শনিবার চট্টগ্রামে বিভিন্ন পত্রিকা অফিস পরিদর্শনকালে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে কমিশনটি গঠিত হবে এবং এটি স্বাধীন গণমাধ্যমের স্বার্থকে অগ্রাধিকার দেবে।
সৈয়দ আবদাল আহমদ বলেন, অপতথ্য ও গুজব এখন স্বাধীন সাংবাদিকতার জন্য বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল ভূমিকা আশা করে এবং কিছু গণমাধ্যমের ফ্যাসিবাদী আমলের ভূমিকায় ফিরে যাওয়ার প্রবণতা পর্যবেক্ষণ করছে।
এর আগে বান্দরবানে তথ্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি তথ্যভিত্তিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন সঠিকভাবে জনগণের সামনে উপস্থাপন করা সাংবাদিকদের দায়িত্ব।