সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ কোরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিলটি সংশোধনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার রাজধানীতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে জরুরি সভায় এ দাবি জানানো হয়। বিল পাসের আগে ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের মতামত না নেওয়ায়ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি।
হেফাজত বলেছে, সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইনে মুসলিমদের হেবা বা দান নিয়ে নতুন আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে। নেতারা রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতা অস্বীকার করেন না বলে উল্লেখ করলেও, মুসলিমদের ব্যক্তিগত আইন ও ধর্মীয় বিধানের সঙ্গে সম্পর্কিত আইন প্রণয়ন বা সংশোধনে আলেম-ওলামা, ইসলামী আইন বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের যথাযথ পরামর্শকে অপরিহার্য বলেছেন।
আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানিয়ে হেফাজত বলেছে, আপত্তির শরিয়াগত ও আইনগত ভিত্তি যাচাই করা দায়িত্বশীল রাষ্ট্রীয় আচরণ। সংগঠনটি শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি হেবা প্রথা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার রক্ষায় বিতর্কিত বিধান পুনর্বিবেচনার দাবি জানিয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।