অধিকৃত পশ্চিম তীরের কৌশলগত গুরুত্বপূর্ণ ই-১ এলাকায় এক হাজার ২০০টির বেশি বসতি নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করেছে ইসরাইল। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তে তীব্র উদ্বেগ জানিয়ে একে ‘অগ্রহণযোগ্য’ বলেছে এবং অবিলম্বে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইসরাইলের আবাসন মন্ত্রণালয় বুধবার এক হাজার ২৩৪টি বসতির জন্য টেন্ডার প্রকাশ করে।
তিন হাজার ৪০১টি অনুমোদিত আবাসন ইউনিটের মধ্যে এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। ই-১ এলাকা পূর্ব জেরুজালেম ও ইসরাইলি বসতি মালে আদুমিমের মাঝখানে প্রায় ১২ বর্গকিলোমিটারজুড়ে অবস্থিত। দরপত্র জমার শেষ সময় ১৯ অক্টোবর, যা ইসরাইলের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে। জাতিসংঘ মহাসচিব বলেছেন, ই-১ প্রকল্প ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ‘অস্তিত্বের হুমকি’ সৃষ্টি করছে।
ফিলিস্তিনিদের আশঙ্কা, এ নির্মাণ পশ্চিম তীরকে কার্যত উত্তর ও দক্ষিণে বিভক্ত করবে এবং পূর্ব জেরুজালেমকে বিচ্ছিন্ন করবে। ফিলিস্তিনি ও প্রকল্পবিরোধীদের মতে, এতে পশ্চিম তীরের দুই অংশের সরাসরি যোগাযোগ ব্যাহত হবে। রামাল্লাহ, পূর্ব জেরুজালেম ও বেথলেহেমকে যুক্ত করে ধারাবাহিক ফিলিস্তিনি ভূখণ্ড গড়াও কঠিন হবে। ১৯৬৭ সালের যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি ইসরাইলি বসতিতে সাত লাখ ইহুদি বসবাস করছেন।