মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের ১৬টি মাইন-পাতা নৌযান ধ্বংস করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ইরান সাম্প্রতিক দিনগুলোতে এই গুরুত্বপূর্ণ প্রণালীতে কয়েক ডজন মাইন স্থাপন করেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এই সপ্তাহের শুরুতে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আক্রমণ অব্যাহত থাকলে তারা কোনো তেল এই অঞ্চল ছেড়ে যেতে দেবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন, ইরান যদি সত্যিই হরমুজ প্রণালীতে মাইন বসিয়ে থাকে—যদিও নিশ্চিত তথ্য নেই—তাহলে দ্রুত তা সরিয়ে নেওয়া উচিত, নইলে তেহরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, ইরান যদি মাইন সরিয়ে নেয়, সেটি হবে সঠিক পথে বড় পদক্ষেপ। তবে তিনি ওই পরিণতি কী হতে পারে তা বিস্তারিত জানাননি।
ঘটনাটি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে, যেখানে উভয় পক্ষই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে।