ভারত ২০২৭ সালের দক্ষিণ এশিয়ান গেমসে অংশ নিতে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে। ৪ থেকে ১১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই আসরের মাধ্যমে ২৩ বছর পর পাকিস্তানে ফিরছে আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতাটি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক ক্রীড়ার উন্নয়ন নিয়ে সাউথ এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৈঠকে ভারত আমন্ত্রণটি গ্রহণ করে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব খালিদ মেহমুদ জানান, ভারত জানুয়ারির মধ্যে নিজেদের দলের বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। ২৮টি ডিসিপ্লিনের খেলা পাকিস্তানের তিন প্রধান শহর ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইসলামাবাদে সর্বাধিক ১৫টি ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে।
লাহোরে ক্রিকেট ও হকিসহ ১০টি ডিসিপ্লিন এবং পেশোয়ারে বাকি তিনটি ডিসিপ্লিন আয়োজন করা হবে। হাজারের বেশি অ্যাথলেট, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীর অংশগ্রহণ প্রত্যাশিত হওয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আগে ২০০৪ সালে পাকিস্তানে সর্বশেষ সাফ গেমস অনুষ্ঠিত হয়েছিল।