বাংলাদেশের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান বিটস্পিয়ারহেড ১৭ মে ২০২৬ তারিখে কানাডার এআইআর মিডিয়া-টেকের সঙ্গে নতুন অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কনটেন্ট নির্মাতারা আন্তর্জাতিক প্রযুক্তি সহায়তা ও বৈশ্বিক আয় বৃদ্ধির সুযোগ পাবেন। প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারছিলেন না, তাদের জন্য এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করবে।
অংশীদারিত্বের আওতায় তিনটি প্রধান সেবা চালু করা হবে—মাইক্রোসফটের বিভিন্ন মাধ্যমে বিদ্যমান ভিডিও প্রচার, সার্বক্ষণিক সরাসরি সম্প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় বহুভাষিক অনুবাদ ও কণ্ঠ সংযোজন। প্রতিষ্ঠানগুলোর দাবি, এই সেবাগুলোর মাধ্যমে নির্মাতারা অতিরিক্ত কনটেন্ট তৈরি ছাড়াই নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারবেন এবং দর্শকের সম্পৃক্ততা বাড়বে।
এআইআর মিডিয়া-টেকের পরিচালক ভিরা স্লিভিনস্কা বলেন, ভাষাগত সীমাবদ্ধতার কারণে যারা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারেননি, তাদের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিটস্পিয়ারহেডের ব্যবস্থাপনা পরিচালক রাদি আহমেদ চৌধুরী জানান, এটি বাংলাদেশের নির্মাতাদের জন্য বড় সুযোগ তৈরি করবে।