সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই পিরোজপুরের নাজিরপুরে জুলাইয়ের অর্জনকে দেশের সার্বিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। ৫ আগস্ট সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
জুঁই বলেন, নাজিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। অতীতে এলজিইডির বিভিন্ন প্রকল্পে দুর্নীতির কারণে পিরোজপুরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি সেই কলঙ্ক থেকে বেরিয়ে আসার কথা বলেন। নাজিরপুরকে নিজের এলাকা উল্লেখ করে তিনি সেখানে থাকা ও কাজ করার ইচ্ছার কথাও জানান। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারে সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ইউএনও সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় জামায়াতে ইসলামী, বিএনপি, পরিবার পরিকল্পনা বিভাগ ও পুলিশের প্রতিনিধিরা বক্তব্য দেন। একই দিনে উপজেলা বিএনপির র্যালি ও সমাবেশে জুঁই প্রধান অতিথি ছিলেন। সেখানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান।