চলমান বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে হারিয়ে স্বাগতিকরা ফাইনাল নিশ্চিত করে। বৃহস্পতিবার শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মুখোমুখি হবে মালদ্বীপ ও নেপাল।
আগের ম্যাচে ভারতের কাছে ৪৭-১৩ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের বিপক্ষে দলটি ঘুরে দাঁড়ায়। প্রথমার্ধে বাংলাদেশ ১৬-৫ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের বিপরীতে মালদ্বীপ ১৫ গোল করে। বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার আট গোল করে ম্যাচসেরার স্বীকৃতি পান।
সানজিদা বলেন, ভারতের বিপক্ষে আগের ম্যাচের ভুলত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছিল এবং মালদ্বীপের বিপক্ষে তার ফল পাওয়া গেছে। ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানান তিনি। দেশের মাটিতে খেলে সম্মান ধরে রাখার কথাও বলেন সানজিদা। একই সঙ্গে তিনি ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, তারা নিয়মিত অনুশীলন ও সারা বছর ক্যাম্পিংয়ে থাকে।