প্রধানমন্ত্রী তারেক রহমান ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথম ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি বাংলাদেশ তার সমর্থন বজায় রেখেছে।
ফিলিস্তিনের পাশাপাশি বিশ্বের অন্যান্য সংঘাতের ক্ষেত্রেও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি যুদ্ধ ও মারণাস্ত্রের বদলে কূটনীতি, শক্তি প্রয়োগের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা এবং মানবতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। ভাষণে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, নিরস্ত্রীকরণ, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নয়ন পরিকল্পনার বিষয়ও তুলে ধরা হয়।