পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান বিমানবাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশে বিমান হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা দাবি করেছেন, আফগান দিক থেকে কথিত ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাল্টা অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। এ তথ্য জিও নিউজে প্রকাশিত হয়েছে।
নিরাপত্তা সূত্র জানায়, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পর পাকিস্তান ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে। প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, ৭২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো সেনা নিহত বা আটক হননি। জাইদি অভিযোগ করেন, পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে প্রচারিত তথ্য ‘ভারতের প্রক্সি’দের অপপ্রচার।
সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে একাধিকবার গোলাগুলি ও বিমান হামলার ঘটনা ঘটেছে। ইসলামাবাদ অভিযোগ করছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিগোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও তালেবান সরকার তা অস্বীকার করেছে। ক্রমবর্ধমান এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।