পাবনার ভাঙ্গুড়া পৌর শহরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুলের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি পিপুল অভিযোগ করেছেন, ভাঙ্গুড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ভাই শরীফ ও তার সহযোগীরা তাকে মারধর করেন। পরে তিনি ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, এর আগে পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামীকে কয়েকজন যুবক তুলে নিয়ে মারধর করে। এ ঘটনার পর পিপুল ফেসবুকে একটি পোস্ট দেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শরীফসহ ১৫-২০ জন এসে তাকে মারধর করে বলে অভিযোগ। শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, পুরনো বিরোধের জেরে ভুল বোঝাবুঝি হয়েছে এবং ফেসবুক পোস্টে কটাক্ষ করা হয়েছিল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজও তার ভাইয়ের সম্পৃক্ততা অস্বীকার করে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছেন।
ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।