চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
নৈশভোজে দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী অংশ নেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এই ভোজে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে এবং এতে উন্মুক্ত আলাপচারিতার সুযোগ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে দালিয়ানে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
আগামীকাল সকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেবেন এবং দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাওয়ার কথা রয়েছে।