চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিতে যাচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা। প্রস্তাবের আওতায় বর্জ্য সংগ্রহ ও পরিবহন সক্ষমতা বাড়াতে ৫০টির বেশি আধুনিক বর্জ্যবাহী যান সরবরাহ করা হবে। ল্যান্ডফিল নির্মাণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেওয়া হবে। বুধবার নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠকে বিষয়গুলো আলোচনা হয়।
বৈঠকে জানানো হয়, প্রস্তাবিত অনুদান প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অনুমোদন দিয়েছে জাপান সরকার। আগামী ডিসেম্বর জাইকার সদর দপ্তর থেকে একটি বিশেষজ্ঞ মিশন চট্টগ্রামে আসবে। সম্ভাব্যতা সমীক্ষার ফলের ভিত্তিতেই প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত হবে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের গুরুত্বও তুলে ধরা হয়।
চসিক জানিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় নতুন ল্যান্ডফিলের জন্য ২৮ একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। জাইকা বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ হিদেকি ওসাওয়া বলেন, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত প্রস্তুত করা হবে। নকশা ও প্রাক্কলন তৈরিতে জাইকার কারিগরি সহায়তা দলের বিশেষজ্ঞরা ইতোমধ্যে চসিকের সঙ্গে কাজ করছেন।