ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রভোস্টের অপসারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী বৃহস্পতিবার থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
সোমবার, ২৪ আগস্ট ডাকসুর নেতারা উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রক্টরিয়াল বডির সঙ্গে বৈঠক করেন। ডাকসুর নেতৃবৃন্দ এবং অধিকাংশ হল সংসদের ভিপি, জিএস ও এজিএসের স্বাক্ষরসংবলিত দাবিগুলো প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ভুক্তভোগী ও নির্যাতনের বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অভিযুক্ত প্রভোস্টের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দাবিগুলোর মধ্যে রয়েছে অভিযুক্ত প্রভোস্টকে অপসারণ ও আইনানুগ ব্যবস্থা, ভুক্তভোগী ও আন্দোলনকারীদের শোকজ প্রত্যাহার, প্রভোস্ট কক্ষের সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং আন্দোলনকারীদের ওপর হামলার তদন্ত। শাহবাগ থানায় ডাকসু, হল সংসদ ও সাংবাদিক সমিতির নেতাদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিও জানানো হয়েছে। ভুক্তভোগী ইব্রাহিম তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পরীক্ষা দেওয়ার সময় তিনি মানসিক ট্রমার মধ্যে আছেন।