ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বিতরণে অনিয়ম, হয়রানি ও ‘টেবিলবাণিজ্য’ কমাতে সরকার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন ম্যানেজমেন্ট সিস্টেম বা এলআরএমএস চালুর উদ্যোগ নিয়েছে। ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নের এই সফটওয়্যার চলতি বছরের ডিসেম্বর নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে। এতে জমির মালিকদের আর ক্ষতিপূরণের চেক নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে সশরীরে যেতে হবে না।
নতুন ব্যবস্থায় নাগরিক ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরকারের আইবাস প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষতিপূরণের অর্থ সরাসরি গ্রাহকের ব্যাংক হিসাবে পাঠানো হবে। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী বলেন, চেক হস্তান্তরকে কেন্দ্র করে ঘুসবাণিজ্যের অভিযোগ বন্ধ করতেই নগদহীন সেবা চালু করা হচ্ছে।
প্রকল্পটি প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রাধিকার তালিকায় রয়েছে। এর কাঠামো ও ব্যবসায়িক প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, আর অর্থ বিভাগের সমন্বয়, আইবাস ইন্টিগ্রেশন ও ই-চালানের প্রযুক্তিগত কাজ চলছে। প্রকল্পের ব্যয় প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকা এবং এটি তৈরি করছে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস লিমিটেড। মালিকানা বিরোধ বা আদালতের স্থগিতাদেশ না থাকলে আইন অনুযায়ী ১২০ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা।