দক্ষিণ লোহিত সাগরে সৌদি তেল রপ্তানির ওপর হুতি বিদ্রোহীদের ঘোষিত অবরোধ ভাঙতে বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। ইয়েমেনি সূত্রের বরাতে বলা হয়েছে, মধ্য ইয়েমেনে সমুদ্রপথে এবং সম্ভব হলে স্থলপথেও অভিযান চালানো হতে পারে। স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইয়েমেনের পূর্বাঞ্চল থেকে সৌদি বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিয়াদ একই সময়ে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় বহুজাতিক নৌ জোট গঠনের প্রচেষ্টা জোরদার করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিসর, সুদান ও জিবুতিসহ ১৪টি দেশ যৌথ বিবৃতিতে এ প্রস্তাব সমর্থন করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও ইতালিকেও জোটে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হুতিরা ২০ জুলাই সৌদি জাহাজের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং বলে, ইয়েমেনের ওপর সৌদি অবরোধ প্রত্যাহার হলেই তারা নিজেদের অবরোধ তুলবে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা আল-বায়দা প্রদেশ পুনরুদ্ধারে সৌদি বাহিনী জমায়েত হচ্ছে। ওমান ও ইরানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় খোলার সমঝোতা হলে ইয়েমেনের উত্তেজনা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।