অস্ট্রেলিয়ায় ২০৬০-এর দশকে প্রথমবারের মতো জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, জন্মহার কমে যাওয়া এবং অভিবাসনের গতি হ্রাসের মধ্যে এই জনমিতিক পরিবর্তন দেশটির অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। অর্থমন্ত্রী জিম চালমার্স এ পূর্বাভাসের কথা জানিয়েছেন।
কয়েক দশক ধরে কম জন্মহারের প্রভাব সামলে জনসংখ্যা বৃদ্ধির ধারা বজায় রাখতে অস্ট্রেলিয়া মূলত অভিবাসনের ওপর নির্ভর করেছে। কিন্তু অভিবাসন কমে আসায় দেশটি জাপান, জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশগুলোর পথেই এগোচ্ছে, যেখানে ইতোমধ্যে জন্মের চেয়ে মৃত্যুর সংখ্যা বেশি।
চালমার্স বলেন, ২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সি অস্ট্রেলীয়দের সংখ্যা তিন গুণ হবে, যা স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে পরিচর্যা সেবার চাহিদাও বাড়বে এবং বেশি বয়স্ক মানুষের অঞ্চলে স্বাস্থ্য ও বয়স্ক পরিচর্যা খাতে কর্মীসংকট তীব্র হতে পারে। এসব খাত বর্তমানে অভিবাসী কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অ্যান্থনি অ্যালবানিজের লেবার সরকার গত সপ্তাহে অভিবাসন নীতি আরও কঠোর করেছে।